প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
ক্ষমতায় গেলে নদীভাঙন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালী হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারী কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেঁড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।
তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। আপনারা ভোটের হিসেব কড়ায় গন্ডায় বুঝে নিবেন।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ভোটের পরে আমি আপনাদের দেখতে আসব। তখন একসঙ্গে বসে কথা বলব। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।
মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশে উন্নয়নের গর্বিত অংশীদার। আমরা আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করব।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, আপনারা তাকে ভোট দিন, আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ।
Copyright © 2026 All rights reserved.